মুন্সীগঞ্জে সড়কের পাশ থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

১১ জুলাই, ২০২৬

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় সড়কের পাশ থেকে নুর ইসলাম (৫৮) নামে এক প্রবীণ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) বিকাল আনুমানিক ৩টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের ভিটিগাঁও গোয়ালপাড়া এলাকার একটি সড়কের পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নুর ইসলাম সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের চর গুলগুলিয়া এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, শনিবার দিনের কোনো এক সময়ে জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় একটি বেপরোয়া ড্রাম ট্রাকের সঙ্গে নুর ইসলামের অটোরিকশার ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে তিনি গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকের চালক নুর ইসলামকে উন্নত চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে নিজের ট্রাকে তুলে নেন। কিন্তু হাসপাতালে নেওয়ার বদলে চালক চরম অমানবিকতার পরিচয় দিয়ে সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের ভিটিগাঁও গোয়ালপাড়া এলাকায় লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ফজলুল হকের কারখানার উত্তর পাশে সড়কের পশ্চিম পাশে নির্জন স্থানে ওই বৃদ্ধের মরদেহ ফেলে রেখে দ্রুত পালিয়ে যান।

শনিবার বিকালে স্থানীয়রা সড়কের পাশে ওই বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে সিরাজদিখান থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে সিরাজদিখান থানা পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে পুলিশের নিবিড় তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। ঘাতক ড্রাম ট্রাক ও এর পলাতক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।