জরুরি চিকিৎসা সেবায় ছাত্রদলের মেডিকেল টিম গঠন

১২ জুলাই, ২০২৬

টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অসংখ্য মানুষ পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত হয়ে মানবিক সংকটে পড়েছেন।

এ পরিস্থিতিতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে ছাত্রদল দুটি মেডিকেল টিম গঠন করেছে।

শনিবার (১১ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল টিম-১ এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আওয়াল। টিমে কেন্দ্রীয় ছাত্রদল, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রদল এবং ঢাকা মহানগর পশ্চিম ও দক্ষিণ ছাত্রদলের নেতারা সদস্য হিসেবে রয়েছেন।

এছাড়া মেডিকেল টিম-২ এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এ. এস. এম. রাকিবুল ইসলাম আকাশ। এ টিমে কেন্দ্রীয় ছাত্রদল, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদল, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ ছাত্রদল এবং সাফকো ইউনিভার্স মেডিকেল কলেজ ছাত্রদলের নেতারা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।