১২ জুলাই, ২০২৬
বৈরী আবাহওয়ার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার সকাল ৭টার দিকে আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচল শুরু করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে, ভোর ৫টা থেকে নদীতে স্রোত ও বাতাসের কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে, পদ্মায় পানি বৃদ্ধির কারণে নদীতে প্রবল স্রোত তৈরি হয়েছে। স্রোতের সঙ্গে ভোর থেকেই শুরু হয় বৃষ্টি ও ঝড়ো বাতাস। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে ফেরি চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে বেশ কিছু যাত্রী ও যানবাহন ফেরিপারে আটকা পড়ে। সকাল ৭টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দীন বলেন, বৈরী আবহাওয়ার কারণে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
উল্লেখ্য, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে।