১২ জুলাই, ২০২৬
কানাডার টরন্টো শহরে এক বন্দুকধারীর হামলায় দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।শনিবার (১১ জুলাই) এই হামলা চালানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
টরন্টো পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা গুলিবিদ্ধ পাঁচজনকে উদ্ধার করেন। তাদের মধ্যে দুইজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। আহত অন্যদের শারীরিক অবস্থা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ জানিয়েছে, টরন্টোর মিডটাউন এলাকায় অনুষ্ঠিত বার্ষিক লাতিন সাংস্কৃতিক উৎসব (সালসা অন সেন্ট ক্লেয়ার) চলাকালে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার এবং আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।
টরন্টো পুলিশ জানিয়েছে, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। এখন পর্যন্ত হামলাকারীর পরিচয়, হামলার উদ্দেশ্য বা কাউকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।