১২ জুলাই, ২০২৬
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভিডিওতে সংগীত পরিচালক ও সুরকার ইবরার টিপুকে দেখে চমকে যান নেটিজেনরা। ভেঙে পড়া চেহারা দেখে উদ্বিগ্ন হন তারা। সোশ্যাল মিডিয়ায় জল্পনার পাগলা ঘোড়া ছুটতেই লাগাম টানেন টিপুর স্ত্রী ও সংগীতশিল্পী বিন্দু কণা।
টিপুর ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ভিডিওতে এসে কণা জানান সুরকার ও সংগীত পরিচালক ক্যানসার আক্রান্ত। তিনি বলেন, ‘এটি ইবরার টিপুর প্রোফাইল। আমি ইবরার টিপুর স্ত্রী, বিন্দু কণা। আসলে ওর বড় কিছু সার্জারি হয়েছে, যে কারণে কথা বলতে এখনো কিছুটা সমস্যা হচ্ছে। ইনশাআল্লাহ ধীরে ধীরে সুস্থ হবে ।’
এরপর বলেন, ‘গতকাল একটি ভিডিও আপলোডের পর অনেকেই খুব দুশ্চিন্তা প্রকাশ করেছেন এবং অনেকেই খোঁজ নেওয়ার জন্য ফোন দিয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে সবার ফোন রিসিভ করা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। একটু সুস্থ হয়ে উঠলে ও নিজেই ইনশাআল্লাহ সবার সাথে যোগাযোগ করবে।’
কণার কথায়, ‘মূল বিষয় হচ্ছে, গত প্রায় দুই বছর ধরে ও কিডনি ক্যানসারের সাথে লড়াই করছিল। আলহামদুলিল্লাহ, ওর সেই কঠিন জার্নিটি এখন শেষ হয়েছে এবং ও এখন সুস্থতার দিকে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন যেন ও পুরোপুরি ভালো হয়ে ওঠে।’
গায়িকা লেখেন, ‘আমরা আসলে আগে কাউকে বিষয়টি জানাতে চাইনি, কারণ বুঝতে পারি নাই যে এই জার্নিটা এতটা দীর্ঘ ও কঠিন হবে। কিন্তু গতকাল ও এই চেহারাতেই লাইভে চলে যাওয়ায় আপনারা সবাই বেশ বিভ্রান্ত ও চিন্তিত হয়ে পড়েছেন। অনেকেই জানতে চাচ্ছিলেন যে ভাইয়া এত শুকিয়ে গেছেন কেন বা চেহারার এমন অবস্থা কেন হয়েছে। মূলত ও একটি বড় লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছিল।’
সবশেষে টিপুপত্নী লেখেন, ‘তবে আলহামদুলিল্লাহ, ও এখন আগের চেয়ে ভালো আছে। আপনারা সবাই দোয়া করবেন যেন ও খুব দ্রুত সুস্থ হয়ে আগের সেই ইবরার টিপু হিসেবে আপনাদের সবার মাঝে ফিরে আসতে পারে।’
তিন দশকের বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে কাজ করছেন ইবরার টিপু। তার ক্যানসার আক্রান্তের খবর সংগীত সংশ্লিষ্ট অনেকেই জানতেন। এবার বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বললেন বিন্দু কণা।