১৩ জুলাই, ২০২৬
মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে ১২টি অবৈধ দোকান অপসারণের পাশাপাশি সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
রবিবার (১২ জুলাই) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ এবং বাংলাদেশ আনসারের সদস্যরা সহযোগিতা করেন।
ডিএমটিসিএল জানায়, অভিযানের সময় ১২টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের ভবিষ্যতে এ ধরনের অবৈধ দখল থেকে বিরত থাকার জন্য মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।
অভিযানে স্টেশনসংলগ্ন এলাকার অবৈধ দখল, ভাসমান দোকান এবং অননুমোদিত স্থাপনা অপসারণ করা হয়। এর ফলে এলাকাটি দখলমুক্ত হয়েছে এবং মেট্রোরেলের যাত্রীদের চলাচলের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এসময় স্থানীয় বাসিন্দা ও দোকান মালিকদের ফুটপাত দখল না করা এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সচেতন করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেল স্টেশন ও এর আশপাশের এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।