১৩ জুলাই, ২০২৬
রাজধানীর শনির আখড়ায় বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক রেজাউল করিমের (৬২) মৃত্যু হয়েছে।
রবিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে শনির আখড়ার ছাপড়া মসজিদের পেছনে ব্যাংক কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভায়রা এ কে এম আব্দুল্লাহি বাকি জানান, দেড় বছর আগে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের পদ থেকে অবসর নেন রেজাউল করিম। তিনি দুই সন্তানের বাবা এবং শনির আখড়ায় নিজের তিনতলা বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
তিনি বলেন, টানা বৃষ্টিতে বাড়ির নিচতলায় পানি জমে যায়।
রাতে এশার নামাজের পর রেজাউল করিম জমে থাকা পানিতে দাঁড়িয়ে মোটরের সুইচ চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলের আশপাশে কেউ না থাকায় কিছুক্ষণ পর তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।