১৩ জুলাই, ২০২৬
পাকিস্তানের বেলুচিস্তানের ওয়াশুক জেলার মাশখেল এলাকায় এক দোকানে সন্ত্রাসীদের গুলিতে অন্তত পাঁচ শ্রমিক নিহত হয়েছে। রোববারের (১২ জুলাই) এ হামলাটি ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসী গোষ্ঠী চালিয়েছে বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। খবর জিও নিউজের
নিহতরা হলেন— মোহাম্মদ বিলাল, মোহাম্মদ হুসাইন, মোহাম্মদ কাদির, মহসিন এবং বিলাল।
ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে তল্লাশি অভিযান শুরু করে।
পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনই বেলুচিস্তানের বাইরে থেকে কাজের উদ্দেশ্যে সেখানে এসেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হচ্ছে। এ ঘটনায় তদন্তও শুরু হয়েছে।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি নিরস্ত্র শ্রমিকদের হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিরীহ শ্রমিকদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসীরা আবারও তাদের নৃশংস উদ্দেশ্যের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, ‘সন্ত্রাসীদের লক্ষ্য কোনো ন্যায্য দাবি আদায় নয়; বরং ভয়-ভীতি ছড়িয়ে পাকিস্তানকে অস্থিতিশীল করা।’ রাষ্ট্রের কর্তৃত্বকে চ্যালেঞ্জকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহিদ রিন্দও এ হামলার নিন্দা জানান। তিনি বলেন, ‘সরকার ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।’ শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, ‘নিরীহ শ্রমিকদের হত্যা অত্যন্ত নৃশংস ও কাপুরুষোচিত কাজ।’
তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, মানবতাবিরোধী এ অপরাধে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি অভিযোগ করে আরও বলেন, সন্ত্রাসীরা তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নে নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।