বৃষ্টির দিনে কেন খিচুড়ি খেতে মন চায়?

১৩ জুলাই, ২০২৬

খিচুড়ি পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা খুঁজলে আঙুলের কড়ে গোনা যাবে। তার উপরে যদি হয় বৃষ্টির দিন, তবে তো কথাই নেই। বাঙালির বৃষ্টিবিলাস মানেই যেন এক থালা গরমাগরম খিচুড়ি ৷ কিন্তু বৃষ্টির সঙ্গে খিচুড়ি খাওয়ার আগ্রহের সম্পর্কটা কি?

খিচুড়ি মূলত বাউলদের খাবার। এই ছন্নছাড়া গানপাগল মানুষগুলো পথেঘাটে গান করতেন, গ্রামে পাড়ায় পাড়ায় গান করতেন আর তখন দক্ষিণা হিসেবে পেতেন চাল-ডাল। তাই তারা চাল ডাল একত্রে মিলিয়ে খুব দ্রুত ও ঝামেলা মুক্তভাবে রেঁধে খেয়ে নিতেন। কালক্রমে এই খাবারের নাম হয় খিচুড়ি।

এছাড়া আরেকটি যে লৌকিক কারণ রয়েছে তা হলো, গ্রামাঞ্চলে রান্নাঘর সাধারণ ঘরের বাইরে; ফলে বৃষ্টি হলেই ভিজে যেত চুলা। তাই সহজেই চাল ডাল ও সবজি মিলিয়ে খুব দ্রুত রান্না করা হতো খিচুড়ি। এসব কারণেই বৃষ্টির দিনের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে খিচুড়ি সংস্কৃতি।

অনেকে আবার বৈজ্ঞানিক কারণ হিসেবে বলে থাকেন, খিচুড়ি একটি গুরুপাক খাবার। এই খাবার খেলে হজমের সমস্যাও হতে পারে। তাছাড়া একত্রে অনেক সবজি বা উপাদান থাকায় এই খাবার গরমের সময় খেলে হজম ও পেটের জন্য বিপজ্জনক হতে পারে। তাই বৃষ্টির দিনের ঠাণ্ডা আবহাওয়ায় খিচুড়ি খায় মানুষ; যাতে সমস্যায় পড়তে না হয়।

খিচুড়ির ইতিহাস যাই হোক না কেন, এখন বৃষ্টিস্নাত আবহাওয়ায় খিচুড়ি বৃষ্টি বিলাসের অন্যতম উপকরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনিও বানিয়ে ফেলতে পারেন ডাল-চালের উপাদেয় খিচুড়ি।