১৪ জুলাই, ২০২৬
পাকা আমের মৌসুমে প্রতিদিন একইভাবে আম খেতে খেতে একঘেয়েমি চলে আসতেই পারে।তাই পরিচিত স্বাদের পাটিসাপটায় যদি যোগ হয় রসালো পাকা আমের মিষ্টি সুবাস, তাহলে তৈরি হবে একেবারে নতুন স্বাদের একটি মজাদার ডেজার্ট।
ভালো খবর হলো, এটি বানাতে খুব বেশি ঝামেলা বা বিশেষ কোনো দক্ষতারও প্রয়োজন নেই। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় সুস্বাদু পাকা আমের পাটিসাপটা। রইলো রেসিপি-
উপকরণ
পাকা আম ২টি
চালের গুঁড়া ১ কাপ
ময়দা আধা কাপ
চিনি ১/৪ কাপ
ঘি পরিমাণমতো
পুরের জন্য যা লাগবে
আমের পাল্প আধা কাপ
সুজি ২ টেবিল চামচ
ঘন দুধ ১ কাপ
চিনি ২ টেবিল চামচ
যেভাবে তৈরি করবেন
প্রথমে পাকা আমের খোসা ও আঁটি ফেলে শাঁস ব্লেন্ড করে মিহি পিউরি তৈরি করুন, তারপর চাইলে ছেঁকে নিন। এবার একটি প্যানে সামান্য ঘি গরম করে তাতে আমের পিউরি, সুজি, ঘন দুধ এবং ২ টেবিল চামচ চিনি দিয়ে মাঝারি আঁচে নেড়ে ঘন পুর তৈরি করে নামিয়ে রাখুন।
অন্য একটি পাত্রে দুধ, আমের পিউরি, চালের গুঁড়া, ময়দা ও বাকি চিনি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। এরপর একটি নন-স্টিক প্যানে হালকা করে ঘি ব্রাশ করে অল্প পরিমাণ ব্যাটার ঢেলে পাতলা করে ছড়িয়ে দিন। এক পাশ সামান্য সিদ্ধ হলে তৈরি করা পুর একদিকে রেখে রোল করে পাটিসাপটার আকৃতি দিন। একইভাবে বাকি ব্যাটার ও পুর দিয়ে সব পাটিসাপটা তৈরি করে গরম গরম পরিবেশন করুন।