১৪ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে শহরের বড়পুল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পান্না চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিক্ষোভে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—শিক্ষামন্ত্রীর পদত্যাগ’, ‘তুমি কে, আমি কে—ফার্মের মুরগি’, ‘আপস না, সংগ্রাম—সংগ্রাম, সংগ্রাম’ এবং ‘এক-দুই-তিন-চার, শিক্ষামন্ত্রী গদি ছাড়’সহ বিভিন্ন স্লোগান দেন।
শিক্ষার্থীরা দাবি জানান, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই যারা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে প্রশ্নপত্র পুনর্বিবেচনা করে প্রয়োজন হলে পুনরায় পরীক্ষা নেওয়ারও দাবি জানান তারা। এ ছাড়া শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে এক দফা কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
আন্দোলনকারী শিক্ষার্থী ফারহান বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ায় অনেক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। আবার কেউ কেউ পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। অনেকের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে গেছে।
তিনি আরও বলেন, ‘যিনি শিক্ষামন্ত্রী হিসেবে শিক্ষার্থীদের কথা বিবেচনা করতে পারেন না, আমরা এমন শিক্ষামন্ত্রী চাই না। আমরা তাঁর পদত্যাগ চাই।’
আরেক শিক্ষার্থী মাহিয়া আক্তার বলেন, পদার্থবিজ্ঞান পরীক্ষার আটটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নে ভুল ছিল। বাকি ছয়টি প্রশ্নও ছিল অত্যন্ত কঠিন, যা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানের। এ কারণে শিক্ষার্থীরা ফেল করলে তার দায়ভার শিক্ষামন্ত্রী নেবেন কি না-এমন প্রশ্ন তোলেন তিনি।
বিক্ষোভ সমাবেশে এইচএসসি পরীক্ষার্থী জিহাদ বিন মিজান, আরিফ, শুভ বিশ্বাস সৌরভ, মাহিয়া আক্তার ও ফারহান বক্তব্য দেন। এছাড়া অভিভাবক শামীমা ইয়াসমিন ও তাহমিনা রহমানও বক্তব্য রাখেন। এ সময় প্রায় অর্ধশত এইচএসসি পরীক্ষার্থী আন্দোলনে অংশ নেন।