১৪ জুলাই, ২০২৬
নরওয়ে ও ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাস থেকেই দেশ দুটির প্রবাসীরা এ সেবার আওতায় আসবেন। তবে কনস্যুলার সেবা সুইডেনের মাধ্যমে পরিচালিত হওয়ায় তাদের এনআইডি কার্যক্রমও সুইডেন থেকেই সম্পন্ন হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ইসি সূত্রে জানা গেছে, চলতি মাসে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনে ভোটার নিবন্ধন এবং এনআইডি কার্যক্রম শুরু করা হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের তিন কমিশনার পৃথকভাবে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন।
তথ্য অনুযায়ী, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সুইডেনে অবস্থান করবেন। অন্যদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুর সফর করবেন।
সফর ব্যয় বহন করা হবে ইসির স্মার্টকার্ড (আইডিইএ-২) প্রকল্প থেকে।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, যুক্তরাষ্ট্র, মালদ্বীপ, ওমান ও দক্ষিণ আফ্রিকাসহ ১৪টি দেশের ২৪টি মিশনে ভোটার নিবন্ধন ও এনআইডি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।
ইসি জানিয়েছে, এসব দেশ থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০ হাজার প্রবাসীর হাতে জাতীয় পরিচয়পত্র পৌঁছে দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, প্রবাসে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে এনআইডির আবেদন গ্রহণ করা হয়। পরে দেশে যাচাই-বাছাই শেষে পরিচয়পত্র মুদ্রণ করে সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে আবেদনকারীদের কাছে তা পৌঁছে দেওয়া হয়।