১৬ জুলাই, ২০২৬
সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিয়ারা বেগমকে অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা দিয়েছে এলাকাবাসী।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ে টানা ৩০ বছর শিক্ষকতা করে শিক্ষা বিস্তার, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
জয়নাল আবেদীনের সভাপতিত্ব এবং কামরুজ্জামান ও আব্দুল হাই লায়েকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান, ছাতক পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. বাবুল মিয়া, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ জসিম উদ্দিন সুমেন, আবু জাহিদ বখত মানিক, মুনসুর আজাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. আর. জাহিদ মিয়া, শিশু বিশেষজ্ঞ ডা. আব্দুল কাসেম মো. আব্দুল হাদী ও বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী জান্নাতুল ফেরদৌস (মুনি)।
বক্তারা বলেন, পিয়ারা বেগম দীর্ঘ ৩০ বছর ধরে এ বিদ্যালয়ে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষকতা করেছেন।
তার হাত ধরে অসংখ্য শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার এ অবদানের স্বীকৃতি দিতেই এলাকাবাসী এ সংবর্ধনার আয়োজন করেছে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালারুকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান মানিক, ছাত্রদলের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ি প্রধান শিক্ষক পিয়ারা বেগমের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।