১৬ জুলাই, ২০২৬
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণের পর একটি নবীন নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরতে থাকা অত্যন্ত ক্ষীণ ও অধরা একটি নতুন গ্রহের সন্ধান পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে সরাসরি তোলা ছবিতে এটিই এখন পর্যন্ত শনাক্ত হওয়া সবচেয়ে অনুজ্জ্বল বহির্গ্রহ বলে জানিয়েছেন গবেষকেরা।
বুধবার প্রকাশিত দুটি পৃথক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। গত বছরের শেষ দিকে স্বাধীনভাবে কাজ করা দুটি গবেষক দল ভিন্ন দুটি টেলিস্কোপ ব্যবহার করে মাত্র কয়েক দিনের ব্যবধানে একই গ্রহ শনাক্ত করে। পরে তাদের গবেষণা অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্সে প্রকাশিত হয়।
স্কটল্যান্ড ও জার্মানির নেতৃত্বাধীন গবেষক দল চিলিতে অবস্থিত ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ ব্যবহার করে বিটা পিক্টোরিস নক্ষত্রের চারপাশে নতুন গ্রহটির অস্তিত্ব শনাক্ত করে। পরে সংরক্ষিত পর্যবেক্ষণ তথ্য বিশ্লেষণ করে এর কক্ষপথ নিশ্চিত করা হয়।
গবেষক দলের সহ-নেতা মার্কাস বোনসে বলেন, '১১ বছর ধরে এটি অনেকটাই লুকোচুরি খেলার মতো ছিল।'
গবেষকদের মতে, গ্রহটি এতদিন তার উজ্জ্বল নক্ষত্র এবং আগে থেকেই পরিচিত দুটি বৃহৎ গ্রহের আড়ালে তথ্যের মধ্যে লুকিয়ে ছিল।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নেতৃত্বাধীন আরেকটি গবেষক দল নাসার জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণযন্ত্র ব্যবহার করে একই গ্রহ শনাক্ত করে। তাদের নেতৃত্ব দেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ডিয়েগোর গবেষক এইডান গিবস। ওয়েব টেলিস্কোপের ক্ষেত্রে মাত্র দুটি পর্যবেক্ষণই এই গ্রহ শনাক্তের জন্য যথেষ্ট ছিল।
মজার বিষয় হলো, কোনো দলই নতুন গ্রহের খোঁজে ছিল না। তারা আগে থেকেই পরিচিত একটি গ্রহ নিয়ে গবেষণা করছিল। সেই সময়ই আরও দূরে থাকা, কম ভরের এবং প্রায় ১০০ গুণ বেশি অনুজ্জ্বল একটি গ্রহ তাদের নজরে আসে। গবেষণায় পক্ষপাত এড়াতে দুটি দলই নিজেদের কাজ গোপন রেখেছিল।
নতুন আবিষ্কৃত গ্রহটি আকারে বৃহস্পতির চেয়ে সামান্য বড়। এটি নিজের নক্ষত্রকে একবার প্রদক্ষিণ করতে প্রায় ৯১ বছর সময় নেয়, যা আমাদের সৌরজগতের ইউরেনাসের সূর্যকে একবার প্রদক্ষিণ করতে যে সময় লাগে তার চেয়ে কিছুটা বেশি।
গবেষক এইডান গিবস বলেন, ‘মাত্র দুই কোটি বছর বয়সী এই নক্ষত্রমণ্ডল মহাজাগতিক হিসাবে এখনও শিশু। তাই নতুন গ্রহটিকেও অপেক্ষাকৃত কম বয়সী বৃহস্পতির মতো মনে করা হচ্ছে। বিশাল গ্রহগুলো গঠিত হয়েছে, তবে ছোট পার্থিব গ্রহগুলো এখনও গঠিত হতে পারে। বিটা পিক্টোরিস সম্ভবত সদ্য গঠিত একটি গ্রহমণ্ডলীর সবচেয়ে পরিষ্কার চিত্র, যা এখনও গ্রহাণু ও ধূমকেতুর সংঘর্ষ থেকে ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছে।'
বিটা পিক্টোরিস দক্ষিণ গোলার্ধের পিক্টোর নক্ষত্রমণ্ডলে অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব প্রায় ৬৩ আলোকবর্ষ। এক আলোকবর্ষের দূরত্ব প্রায় ৯ ট্রিলিয়ন কিলোমিটার।
নাসার তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৬ হাজারের বেশি বহির্গ্রহ নিশ্চিত করা হলেও এর মধ্যে ১০০টিরও কম গ্রহ সরাসরি চিত্রগ্রহণের মাধ্যমে শনাক্ত হয়েছে। অধিকাংশ বহির্গ্রহ আবিষ্কৃত হয়েছে তাদের নক্ষত্রের সামনে দিয়ে অতিক্রম করার সময় সৃষ্ট আলোর ক্ষীণ পরিবর্তন বিশ্লেষণ করে।
এডিনবরা বিশ্ববিদ্যালয়ের গবেষক বেন সাটলিফ বলেন, 'আমরা এখন এই গ্রহটির একটি সরাসরি ছবি পেয়েছি। এটি সম্পর্কে আরও কী জানা যায়, তা জানতে আমরা অত্যন্ত আগ্রহী।' তথ্যসূত্র: এপি।