আলজেরিয়ার এতিমখানায় অগ্নিকাণ্ডে নিহত ১১, আহত ১৯

১৬ জুলাই, ২০২৬

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের উপকণ্ঠে একটি এতিমখানায় অগ্নিকাণ্ডে ১১ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে পূর্বাঞ্চলীয় শহরতলি মোহাম্মাদিয়া এলাকার একটি এতিমখানায় এ ঘটনা ঘটে।

দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা জানিয়েছে, আহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়েছে। উদ্ধারকারী দল এতিমখানা থেকে পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনো চলছে। তবে নিহত ও আহতদের পরিচয়, বয়স এবং আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএস জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়া তীব্র তাপপ্রবাহের মধ্যে রয়েছে। বেসামরিক সুরক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৮ জুলাই থেকে দেশজুড়ে ৯১৩টি অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ন্ত্রণে এনেছে উদ্ধারকারী বাহিনী।