খুব সহজে তৈরি করুন আর্জেন্টিনার জনপ্রিয় খাবার এমপানাদাস

১৭ জুলাই, ২০২৬

দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা শুধু ফুটবল নয়, সমৃদ্ধ ও বৈচিত্র্যময় খাবারের জন্যও বিশ্বজুড়ে পরিচিত।দেশটির রান্নায় স্থানীয় ঐতিহ্যের পাশাপাশি ইতালীয় ও স্প্যানিশ রন্ধনশৈলীর প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। সেই সব জনপ্রিয় খাবারের মধ্যে অন্যতম এমপানাদাস । মুচমুচে খোলের ভেতরে মসলাদার মাংস, সবজি বা চিজের পুর ভরা এই মুখরোচক খাবারটি অনেকটা আমাদের ঝাল পুলির মতো।

পরিবার-পরিজনের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে চাইলে ঘরেই তৈরি করতে পারেন আর্জেন্টিনার ঐতিহ্যবাহী এই সুস্বাদু এমপানাদাস।বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার সময় পরিবার বা বন্ধুদের সঙ্গে উপভোগ করার জন্য এটি হতে পারে দারুণ একটি নাস্তা।

আসুন জেনে নেওয়া যাক কীভাবে এমপানাদাস বাড়িতে তৈরি করবেন

উপকরণ

ময়দা ২ কাপ

গরুর বা মুরগির কিমা ২ কাপ

পেঁয়াজ মিহি কুচি ১ টেবিল চামচ

রসুন কুচি ১ চা চামচ

জিরা গুঁড়া ১ চা চামচ

অরিগানো ১ চা চামচ

টমেটো পেস্ট ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া স্বাদমতো

অলিভ অয়েল বা সয়াবিন তেল ৩ টেবিল চামচ

মাখন ৪ টেবিল চামচ

ডিম ১টি (ব্রাশ করার জন্য)

উষ্ণ গরম পানি ১ কাপ 

লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি বড় পাত্রে ময়দা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এরপর গলানো মাখন, তেল এবং অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে নরম ও মসৃণ একটি ডো তৈরি করুন। ডোটি ভেজা কাপড় দিয়ে ঢেকে অন্তত ১ ঘণ্টা রেখে দিন।

এবার পুর তৈরি করত একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর মাংসের কিমা, জিরা গুঁড়া, অরিগানো, টমেটো পেস্ট, লবণ ও গোলমরিচ দিয়ে মাঝারি আঁচে ভালোভাবে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে ভাজা ভাজা হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিন।

এরপর ডো থেকে ছোট ছোট লেচি কেটে লুচির মতো পাতলা করে বেলে নিন। প্রতিটি রুটির মাঝখানে ২ টেবিল চামচ করে মাংসের পুর দিন। এবার রুটির এক পাশ অন্য পাশের ওপর এনে অর্ধচন্দ্রাকৃতির আকারে ভাঁজ করুন। কাঁটা চামচ দিয়ে চারপাশ চেপে ভালোভাবে সিল করে দিন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে।

এমপানাদাস বেক করতে চাইলে ওভেন ২০০ ডিগ্রি সেলসিয়াসে আগে থেকেই গরম করে নিন। এমপানাদাসের ওপর ফেটানো ডিম ব্রাশ করে ২০ মিনিট বা সোনালি রং হওয়া পর্যন্ত বেক করুন। আর ভেজে খেতে চাইলে কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। মাঝারি আঁচে এমপানাদাসগুলো সোনালি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। টমেটো সস পছন্দের ডিপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।