শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবকের কারাদণ্ড

১৯ জুলাই, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন প্রতিরোধে এক টাস্কফোর্স অভিযান চালিয়ে অলি মিয়া (২৭) নামে এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় শ্রীমঙ্গল ৪৬ বিজিবি অফিস সংলগ্ন বধ্যভূমি এলাকার ভুরভুরিয়া ছড়া নামক স্থানে উপজেলা প্রশাসন, ৪৬ বিজিবি ও শ্রীমঙ্গল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।

সাজাপ্রাপ্ত অলি মিয়া শ্রীমঙ্গল পৌরসভার জালালিয়া রোড এলাকার আব্দুল করিমের ছেলে।

জানা যায়, ভুরভুরিয়া ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায় অলি মিয়াকে হাতেনাতে আটক করে যৌথ বাহিনী। আটক করার পর তাকে তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন এবং ক্ষমা প্রার্থনা করেন। অভিযোগের সত্যতা থাকা এবং অভিযুক্ত যুবক দোষ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪(চ) অনুযায়ী তাকে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।