২১ জুলাই, ২০২৬
নতুন কুঁড়ি স্পোর্টসের চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ মঙ্গলবার (২১ জুলাই)। প্রধান অতিথি হিসেবে জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এদিন সকাল ১০টায় মিরপুর সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্ট উদ্বোধনের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করবেন।
১০ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের ওপর আলোকপাত করে এই প্রতিভা অন্বেষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই কর্মসূচিতে ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার এবং মার্শাল আর্টসের মতো খেলাগুলো অন্তর্ভুক্ত রয়েছে।
সাঁতারের সঙ্গে আজ কাবাডি এবং ক্রিকেট খেলাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে প্রতিযোগিতায় নামবেন কিশোর কিশোরীরা। মোট ছয়টি ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়াম, সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্স এবং দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হবে খেলাগুলো।
আগামী ২৭ জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সোমবার ক্রিকেট ইভেন্ট দিয়ে মাঠের লড়াই শুরু হয়। মিরপুরে ক্রিকেট ইভেন্টে বালকদের বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে রংপুর ও ঢাকা অঞ্চল।
যদিও বৃষ্টির কারণে খেলা না হওয়ায় ফলাফল নির্ধারিত হয়েছে টসের মাধ্যমে। ছেলেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম অঞ্চলকে হারিয়েছে রংপুর। দিনের অপর ম্যাচে খুলনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা অঞ্চল।
অন্যদিকে, একইভাবে ফলাফল নির্ধারিত হয়েছে বালিকাদের বিভাগেও। এখানে রংপুরকে হারিয়ে শেষ ষোলোতে উঠেছে চট্টগ্রাম অঞ্চল। কোয়ার্টার ফাইনালে আগামী ২২ তারিখ তাদের প্রতিপক্ষ সিলেট।