২৪ জুলাই, ২০২৬
গাইবান্ধার পলাশবাড়ীতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় সবুজ (৩২) নামে এক বাইসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের ব্র্যাক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের গেন্দেলা গাছুর ছেলে। তিনি পলাশবাড়ী পৌর শহরে একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী ছিলেন।
নিহতের ভাগিনা সুলতান মাহামুদ জানান, রাতে বাইসাইকেল চালিয়ে পলাশবাড়ী থেকে বাড়িতে ফিরছিলেন সবুজ। পথে ব্র্যাক মোড়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।
এ অবস্থায় সবুজকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইসতিয়াক আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।