২৪ জুলাই, ২০২৬
কাঁচা মরিচ ছাড়া বাঙালির রান্নাঘর যেন অসম্পূর্ণ। ঝাল বাড়ানোর পাশাপাশি এটি খাবারে এনে দেয় তাজা সুগন্ধ আলাদা স্বাদ।কিন্তু সমস্যা হলো, বাজার থেকে কিনে আনার কয়েক দিনের মধ্যেই কাঁচা মরিচ শুকিয়ে যায় বা নরম হয়ে পচতে শুরু করে। অনেকেই মরিচ ভালো রাখতে ফ্রিজের ওপর নির্ভর করেন। তবে সব সময় ফ্রিজ ব্যবহার করা সম্ভব হয় না। গ্রামাঞ্চলে কিংবা লোডশেডিংয়ের সময় এই সমস্যায় পড়তে হয় অনেককেই।
ভালো খবর হলো, ফ্রিজ ছাড়াও কয়েকটি সহজ ঘরোয়া কৌশল ব্যবহার করে কাঁচা মরিচ অনেকদিন সতেজ, সবুজ ও টাটকা রাখা যায়। রান্নাঘরের কিছু ছোট অভ্যাসই এ ক্ষেত্রে বড় পার্থক্য গড়ে দিতে পারে।
প্রথমেই বোঁটা ছড়িয়ে ফেলুন
বাজার থেকে কাঁচা মরিচ আনার পর অনেকেই যেমন আছে তেমনই সংরক্ষণ করেন। কিন্তু এই অভ্যাসই মরিচ দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ। মরিচের বোঁটার অংশ থেকেই সাধারণত পচন শুরু হয়। তাই সংরক্ষণের আগে প্রতিটি মরিচের বোঁটা সাবধানে খুলে ফেলুন। এতে ভেতরে আর্দ্রতা জমে থাকার সুযোগ কমে এবং মরিচ দীর্ঘদিন ভালো থাকে।
আর্দ্রতা দূর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
কাঁচা মরিচ সংরক্ষণের আগে নিশ্চিত করুন এতে কোনো ভেজাভাব নেই। যদি ধুয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ শুকিয়ে নিন। এমনকি না ধুলেও বাতাসে কিছুক্ষণ রেখে দিন, যাতে অতিরিক্ত আর্দ্রতা চলে যায়।
এরপর একটি পরিষ্কার সুতির কাপড় অথবা খবরের কাগজে মরিচ মুড়ে রাখুন। কাগজ বা কাপড় অতিরিক্ত পানি শুষে নেয়, ফলে মরিচে ছত্রাক বা পচন ধরার ঝুঁকি কমে যায়।
টিস্যু ব্যবহার করে সংরক্ষণ করুন
প্লাস্টিকের সম্পূর্ণ বন্ধ পাত্রে মরিচ রাখলে ভেতরে জলীয় বাষ্প জমে দ্রুত নষ্ট হতে পারে। তাই জিপলক ব্যাগ বা হালকা ছিদ্রযুক্ত এয়ারটাইট কৌটো ব্যবহার করা ভালো।
কৌটোর নিচে একটি শুকনো টিস্যু পেপার বিছিয়ে তার ওপর মরিচ রাখুন। এরপর ওপরেও আরেকটি টিস্যু দিয়ে ঢেকে দিন। টিস্যু অতিরিক্ত আর্দ্রতা শুষে নেওয়ায় মরিচ অনেকদিন টাটকা থাকে।
চটের থলেতে রাখলেও ভালো থাকে
আগের দিনের মানুষজন ফ্রিজ ছাড়াই বিভিন্ন সবজি সংরক্ষণ করতেন। কাঁচা মরিচের ক্ষেত্রেও চটের থলে বা জুট ব্যাগ দারুণ কার্যকর। একটি পরিষ্কার চটের থলে হালকা ভিজিয়ে নিন। এরপর তার ভেতরে শুকনো কাঁচা মরিচ রেখে ঘরের ঠান্ডা ও বাতাস চলাচল করে এমন জায়গায় ঝুলিয়ে রাখুন। এতে মরিচ সহজে শুকিয়ে যায় না এবং দীর্ঘদিন সবুজ থাকে।
হলুদের সাহায্য নিন
হলুদ শুধু রান্নার মসলা নয়, এটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানও। বোঁটা ছাড়ানো শুকনো কাঁচা মরিচের সঙ্গে সামান্য শুকনো হলুদের গুঁড়া মিশিয়ে একটি পরিষ্কার কৌটায় সংরক্ষণ করতে পারেন। হলুদের জীবাণুনাশক গুণ মরিচে ছত্রাক ও ফাঙ্গাসের বৃদ্ধি কমাতে সাহায্য করে। ফলে মরিচের সতেজতা দীর্ঘদিন বজায় থাকে।
সংরক্ষণের সময় আরও কিছু বিষয়ে খেয়াল রাখুন
কাঁচা মরিচ কখনো ভেজা অবস্থায় সংরক্ষণ করবেন না। প্রতিদিন একবার কৌটা বা কাপড় খুলে দেখে নিন কোনো মরিচ নরম হয়েছে কি না। যদি কোনো নষ্ট মরিচ চোখে পড়ে, সঙ্গে সঙ্গে সেটি আলাদা করে ফেলুন। একটি পচা মরিচ থেকে খুব দ্রুত অন্য মরিচেও পচন ছড়িয়ে যেতে পারে। এছাড়া মরিচ সব সময় ঠান্ডা, শুকনো ও বাতাস চলাচল করে এমন স্থানে রাখার চেষ্টা করুন। সরাসরি রোদে রাখবেন না, কারণ এতে মরিচ দ্রুত শুকিয়ে যেতে পারে।
অল্প কিছু যত্ন আর সঠিক সংরক্ষণ পদ্ধতি মেনে চললেই ফ্রিজ ছাড়াও কাঁচা মরিচ সপ্তাহের পর সপ্তাহ সতেজ রাখা সম্ভব। এতে যেমন অপচয় কমবে, তেমনি প্রতিদিনের রান্নাতেও মিলবে টাটকা কাঁচা মরিচের স্বাদ ও সুবাস।