জবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

২৫ জুলাই, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী, তার ছোট ভাই ও হবু স্ত্রীর ওপর হামলা, মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. শের আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য মো. শের আলীকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হাসানান আল আবিত (সাবায়েত) বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গভীর রাতে ক্যাম্পাসে তার ছোট ভাই, হবু স্ত্রী এবং ছোট ভাইয়ের এক বন্ধুকে নিয়ে অবস্থান করার সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী শের আলী ও ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আবিদ হাসান বাঁধন মোটরসাইকেলে এসে কোনো ধরনের কারণ ছাড়াই তার ছোট ভাই ও বন্ধুকে মারধর শুরু করেন।

অভিযোগে আরো বলা হয়েছে, ঘটনাস্থলে গেলে শের আলী পাশের একটি চায়ের দোকান থেকে পেরেকযুক্ত কাঠের তক্তা এনে তাকে মারধর করেন এবং বলেন, আমি জগন্নাথের শের, তোকে আজ মেরেই ফেলব। হামলার সময় তার হবু স্ত্রীকে মানসিকভাবে হেনস্তা করা হয় এবং তাকেও আঘাত করার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বহিষ্কৃত শের আলীর সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।