২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১০৭ পিস ইয়াবাসহ মাজেদা বেগম (৩৮) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার নরহা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাজেদা উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেলুয়া গ্রামের আলাল মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল হরিপুর ইউনিয়নের নরহা পশ্চিম পাড়ার একটি মুদির দোকানের সামনে বিশেষ অভিযান চালায়। এ সময় মাজেদা বেগমের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা জব্দ করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।