শেরপুরে বৃক্ষমেলা উদ্বোধন

২৮ জুলাই, ২০২৬

শেরপুরে বৃক্ষরোপণ এবং বৃক্ষমেলা বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে। 

আজ সোমবার (২৭ জুলাই) ‌‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসকের কার্যালয়ের ডিসি উদ্যানে বিকেলে পাঁচ দিনব্যাপী এ বৃক্ষমেলা উদ্বোধন করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

মেলার গেটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। 

এর আগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ও ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাকিল আহমেদ, জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েস-এর সভাপতি সাংবাদিক রফিক মজিদ, নার্সারি মালিক সমিতি সভাপতি মো. সাদেক আলী, এনসিপি নেতা নূর ইসলাম, বিএনপি নেতা মোহাম্মদ জাফর আলী ও শফিকুল ইসলাম গোল্ডেন প্রমুখ।

৫ দিনব্যাপী এ বৃক্ষমেলায় বিভিন্ন নার্সারি মালিক, উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবক সংগঠন থেকে প্রায় অর্ধশত স্টল প্রদর্শন করা হয়। এতে ফলদ, বনজ, ঔষধিসহ বিভিন্ন প্রজাতির ফুলের শত শত বৃক্ষের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়।