২৮ জুলাই, ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রূপগঞ্জ, নরসিংদী ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রায় শতাধিক ছাত্রলীগের নেতাকর্মী এশিয়ান হাইওয়ে এলাকায় জড়ো হয়ে সরকারবিরোধী মিছিল বের করার প্রস্তুতি নেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী ও বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে অধিকাংশই ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ১২ জনকে আটক করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নরসিংদী জেলার মাধবদীর নোয়াকান্দি এলাকার হেবায়েতের ছেলে রায়হান (৩০), সোনারগাঁয়ের সোনাখালী এলাকার আকবর শেখের ছেলে শাওন শেখ (১৯), বিক্রমপুরের দেলোয়ার হোসেন সানির ছেলে রাব্বি (১৫), নরসিংদীর হাজিপুর এলাকার সুধা পালের ছেলে বিজয় পাল (১৯), একই এলাকার বিজয় দেবের ছেলে সূর্য দেব (১৩), নরসিংদী সদর হাজিপুর এলাকার চন্দন শাহার ছেলে ইশান শাহা (১৭), রনি শাহার ছেলে রাজ শাহা (১৭), একই এলাকার বিজন দেবের ছেলে রুদ্র দেব (১৭), রূপগঞ্জের আতলাপুর এলাকার আরিফুলের ছেলে আবির হাসান (১৮), সিদ্ধিরগঞ্জের রসুলবাগ-নয়াআটি বটতলা এলাকার ফররুক হোসেনের ছেলে শাহারিয়ার (২৫), বটতলা নুরবাগ এলাকার মনিরুজ্জামানের ছেলে ইমন (২২) এবং মুক্তিনগর নয়া আটি এলাকার আনোয়ার হোসেনের ছেলে জোবায়ের হোসেন (১৯)।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ জসিম উদ্দিন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এশিয়ান হাইওয়ে সড়কে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া করেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ১২ জনকে আটক করা হয়।
সোনারগাঁ থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, আটক ১২ জনকে সন্ধ্যার পর তালতলা তদন্ত কেন্দ্র থেকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) তাদের আদালতে পাঠানো হবে।