ঝিনাইদহে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

২৮ জুলাই, ২০২৬

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সোমবার দিনব্যাপী ঝিনাইদহ শহরে বিক্ষোভ সমাবেশসহ জেলা প্রশাসকের সঙ্গে বৈঠক করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

প্ল্যাকার্ড-ফেস্টুন-লাল পতাকা-জাতীয় পতাকাসহকারে বিকালে জেলা শহরের বিক্ষোভ মিছিল করেন দলের নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের পরিবারের সদস্যরাও। মিাছিলটি শহরের পায়রা চত্বর ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্য ও চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে অনুষ্ঠিত সমাবেশে জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুস্তাক হোসেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতিমণ্ডলীর সদস্য ও রাকসুর সাবেক ভিপি রাগীব আহসান মুন্না, জেলা বাসদের আহ্বায়ক আসাদুল ইসলাম, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক শহীদুল এনাম পল­ব প্রমুখ। 

প্রসঙ্গত, ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত ভাস্কর্যটি ভাঙচুরের কাজ শুরু হয়। বিষয়টি জানাজানি হওয়ার পরে হৈচৈ পড়ে যায়। পরে তড়িঘড়ি করে জেলা প্রশাসক নিজ কার্যালয়ে একটি প্রস্তুতিমূলক সভা আহ্বান করেন। ওই সভায় ভার্স্কযটি পুনঃস্থাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়।