২৮ জুলাই, ২০২৬
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, বিএনপি সব সময় জনগণের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। দেশের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকার ও দলের নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্যোগ মোকাবিলা এবং পুনর্বাসন কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার লোহাগাড়া উপজেলার আধুনগর বাজার এলাকায় উপজেলা বিএনপির উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও ত্রাণ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, বন্যায় অনেক পরিবার তাদের বসতঘর হারিয়েছে। কৃষকদের ফসল নষ্ট হয়েছে, গবাদিপশুর খামার, মুরগির খামার ও মাছের ঘের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে ইউএনওদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করে জেলা পরিষদে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা পাওয়ার পর জেলা পরিষদের পক্ষ থেকে পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য নাজমুল মোস্তফা আমিন ও আসহাব উদ্দীন, লোহাগাড়া উপজেলার ইউএনও বায়েজিদ বিন আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। এরআগে সকালে সাতকানিয়া উপজেলার ওএচিয়ার টেক এলাকায় উপজেলা কৃষক দলের উদ্যোগে আয়োজিত ত্রাণ ও কৃষি চারা বিতরণ করেন।
এসময় জেলা পরিষদ প্রশাসক শামীম বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে বড় দায়িত্ব। মানুষের দুঃসময়ে রাজনৈতিক কর্মসূচির চেয়ে মানবিক সহায়তাই বেশি প্রয়োজন। বন্যা শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একটি সমন্বয় কমিটি গঠন করা হয়। দলের নেতারা বিভিন্ন এলাকায় গিয়ে ত্রাণ বিতরণসহ দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং পুনর্বাসন সম্পন্ন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন, মুজিবুর রহমান, জামাল হোসেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক মহসিন চৌধুরী রানা, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকির, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মহসিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফিরোজ, ওয়াহেদ সুমন, আনিসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।