রাঙামাটিতে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেট উদ্ধার

৩১ জুলাই, ২০২৬

রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবি অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

উদ্ধার অস্ত্রের মধ্যে ৭.৬২ মিমি সিঅ্যান্ডএলজি বিদেশি পিস্তল (চায়না) ১টি, ৭.৬২ মিমি তাজা গুলি ৭টি ও বিদেশি প্যাট্রন সিগারেট ১০ কার্টুন।

বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চোরাচালান আটকের উদ্দেশে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন সীমান্ত সড়ক মাঝিপাড়া ১৬ কিলোমিটার নামক স্থানে মারিশ্যা ব্যাটালিয়নের (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ টহল দল ফাঁদ পাতে। রাত সাড়ে ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ২ জন চোরাকারবারি হাতে ব্যাগ নিয়ে ১৬ কিলোমিটারের কাছাকাছি আসলে বিজিবি টহল ধাওয়া দেয়। এতে চোরাকারবারিরা পাহাড়ের মধ্যে গা ঢাকা দেয়।

পরে বিজিবি টহল দল এলাকা তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেট উদ্ধার করতে সক্ষম হয়।

২৭ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারিরা বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানি তৎপরতা বৃদ্ধি করেছে। চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।