০১ আগস্ট, ২০২৬
দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের নামাজের গুরুত্ব ও মর্যাদা অত্যন্ত বেশি। ঘুমের আরাম ত্যাগ করে ভোরে উঠে জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করা একজন মুমিনের ঈমান, আনুগত্য ও আত্মনিয়ন্ত্রণের অনন্য নিদর্শন। কোরআন ও হাদিসে ফজরের নামাজের বিশেষ মর্যাদা ও অসংখ্য ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে।
নিচে ফজরের নামাজের গুরুত্বপূর্ণ কয়েকটি ফজিলত তুলে ধরা হলো—
পবিত্র কোরআনের সূরা আল-ফজর-এ মহান আল্লাহ ফজরের শপথ করেছেন। আল্লাহ কোনো বিষয়ের শপথ করলে তা ওই সময় বা বিষয়ের বিশেষ গুরুত্ব ও মর্যাদারই প্রমাণ।
কোরআনে উল্লেখ রয়েছে, ফজরের সময় রাত ও দিনের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা একত্রিত হন এবং ফজরের নামাজ ও কোরআন তিলাওয়াতের সাক্ষ্য দেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এশা ও ফজরের নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তাই নিয়মিত ফজরের জামাতে উপস্থিত হওয়া দৃঢ় ঈমানের পরিচায়ক।
হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে, সে আল্লাহর জিম্মায় বা নিরাপত্তায় থাকে। এটি একজন মুসলমানের জন্য বড় সুসংবাদ।
দায়িত্ব পরিবর্তনের সময় ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষ্য দেন যে, তারা বান্দাদের নামাজরত অবস্থায় পেয়েছেন এবং নামাজরত অবস্থাতেই রেখে এসেছেন।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
"যে ব্যক্তি দুই ঠান্ডা সময়ের নামাজ (ফজর ও আসর) নিয়মিত আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।"
(সহিহ বুখারি, সহিহ মুসলিম)
যে ব্যক্তি জামাতের সঙ্গে এশা ও ফজরের নামাজ আদায় করে, তার জন্য পুরো রাত ইবাদত করার সমপরিমাণ সওয়াব লেখা হয়।
সহিহ হাদিসে এসেছে, যারা বিশেষভাবে ফজর ও আসরের নামাজের যত্ন নেয়, তারা কিয়ামতের দিন মহান আল্লাহর দিদার লাভ করবে।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সূর্যোদয়ের আগে (ফজর) এবং সূর্যাস্তের আগে (আসর) নামাজ আদায় করে, সে জাহান্নামে প্রবেশ করবে না।
যারা অন্ধকার ভোরে মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করেন, তাদের জন্য কিয়ামতের দিন পূর্ণ নূরের সুসংবাদ রয়েছে।