বাংলাদেশে আসছে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

০১ আগস্ট, ২০২৬

মুসলিম বিশ্বের গৌরবোজ্জ্বল ইতিহাসকে কেন্দ্র করে নির্মিত তুর্কি ভাষার জনপ্রিয় ঐতিহাসিক মেগা ধারাবাহিক ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’ এবার বাংলাদেশের দর্শকদের জন্য সম্প্রচারিত হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট থেকে ধারাবাহিকটি একযোগে নাগরিক টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রচার শুরু হবে।

নাগরিক টিভিতে সিরিজটি সপ্তাহে পাঁচ দিন, রোববার থেকে বৃহস্পতিবার প্রতিদিন রাত ৮টা ও রাত ১০টায় প্রচারিত হবে। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-এ প্রতিদিন রাত ৯টায় নতুন পর্ব দেখা যাবে। এছাড়া সপ্তাহজুড়ে প্রচারিত পর্বগুলো শুক্রবার ও শনিবার রাত ১০টায় ‘মেগা গ্র্যান্ড এপিসোড’ হিসেবে উপভোগ করতে পারবেন দর্শকরা।

ধারাবাহিকটির গল্প আবর্তিত হয়েছে মুসলিম বিশ্বের কিংবদন্তি সেনানায়ক সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও নেতৃত্বকে ঘিরে। ক্রুসেডারদের দখল থেকে পবিত্র নগরী জেরুজালেম পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তার বীরত্বপূর্ণ অভিযানের ঘটনাগুলো এতে তুলে ধরা হয়েছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই মেগা সিরিজে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, যুদ্ধ ও অ্যাকশন দৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক ঘটনাগুলোকে জীবন্তভাবে উপস্থাপন করা হয়েছে। নির্মাতাদের আশা, ইতিহাসভিত্তিক এই প্রযোজনা বাংলাদেশের দর্শকদের জন্যও ভিন্নধর্মী ও সমৃদ্ধ দেখার অভিজ্ঞতা হয়ে উঠবে।