০১ আগস্ট, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন। ৪২ বছর বয়সে বুধবার (২৯ জুলাই) এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। সুখবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে যৌথভাবে জানিয়েছেন কারিশমা ও তার স্বামী, ব্যবসায়ী বরুণ বঙ্গেরা।
ইনস্টাগ্রাম পোস্টে কারিশমা লিখেছেন, ‘গুরু পূর্ণিমার পবিত্র দিনে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এসেছে। ২৯ জুলাই ২০২৬। ছোট্ট সোনা, আমাদের পৃথিবীতে তোমাকে স্বাগতম।’ এ সময় নবজাতককে ঘিরে একটি বিশেষ ঘোষণাপত্রও প্রকাশ করেন তারা।
সন্তানের জন্মের খবর প্রকাশের পর থেকেই শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি। অভিনেত্রী স্মৃতি ইরানি, মালাইকা অরোরা, দিয়া মির্জা, বিক্রান্ত ম্যাসি, সোনু সুদ, রাহুল বৈদ্য, ভারতী সিংসহ টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের অনেক তারকা নবজাতকের জন্য শুভকামনা জানিয়েছেন।
২০২২ সালের ৫ ফেব্রুয়ারি মুম্বাইয়ে পারিবারিক আয়োজনে বিয়ে করেন কারিশমা তান্না ও বরুণ বঙ্গেরা। চার বছরের দাম্পত্য জীবনের পর এটাই তাদের প্রথম সন্তান। চলতি বছরের শুরুতে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছিলেন কারিশমা। এরপর গর্ভাবস্থার নানা মুহূর্তও নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’, ‘নাগিন ৩’ এবং ‘কায়ামত কি রাত’-এর মতো ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করেন। পরে ওটিটি প্ল্যাটফর্মেও সফলতা পান। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাশ হাশ’ এবং পরিচালক হানসাল মেহতার ‘স্কুপ’ ওয়েব সিরিজে তার অভিনয় প্রশংসিত হয়। এছাড়া তিনি জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি ১০’-এর শিরোপাও জিতেছিলেন।