জুলাই গণহত্যার বিচার ও সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ

০১ আগস্ট, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা ও পৌর শাখা।

আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কলেজ গেট এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দিতে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় দলের নেতারা বক্তব্য দেন।

পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আখাউড়া উপজেলা আমীর ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শাখার সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন এবং আখাউড়া পৌর জামায়াতের আমীর মোর্শেদ আলমসহ দলীয় নেতাকর্মীরা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার নিশ্চিত করা এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সরকারের প্রতি আহ্বান জানান। তারা এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।