জেনে নিন দুধ চা বানাতে কতটুকু চা-পাতা ব্যবহার করবেন

০৩ আগস্ট, ২০২৬

সকালে হোক বিকেলের আড্ডায় বারান্দায় বসে এক কাপ ধোঁয়া ওঠা গরম চায়ে চুমুক দেয়া যেন বাঙালির দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ।তবে বাড়িতে যত যত্ন করেই চা বানানো হোক না কেন, অনেক সময় রেস্টুরেন্ট বা রাস্তার দোকানে সেই ঘন, কড়া, রং চায়ের স্বাদ পাওয়া যায় না। ফলে অনেকেই ভাবেন, কোনো বিশেষ উপকরণ ব্যবহার করা হয়।

আসলে বিষয়টি তেমন নয়। সুস্বাদু দুধ চায়ের আসল রহস্য লুকিয়ে আছে চা-পাতার সঠিক পরিমাণ, দুধ ও পানির অনুপাত এবং চা ফোটানোর বিশেষ পদ্ধতিতে। কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই ঘরেই তৈরি করতে পারবেন রেস্তোরার স্বাদের দুধ চা।

চা-পাতার পরিমাণই সবচেয়ে গুরুত্বপূর্ণ

বেশিরভাগ বাড়িতেই যে ভুলটি হয়, তা হলো পানি ও দুধের তুলনায় কম চা-পাতা ব্যবহার করা। এতে চায়ের রং ও স্বাদ দুটাই হালকা হয়ে যায়।

রেস্টুরেন্টের মতো কড়া দুধ চা বানাতে প্রতি ১ কাপ চায়ের জন্য ১ থেকে ১.৫ চা চামচ চা পাতা ব্যবহার করা উচিত। আর যদি ২ কাপ চা বানাতে চান, তাহলে ২.৫ থেকে ৩ চা চামচ চা পাতা ব্যবহার করুন। এতে চায়ের রং গাঢ় হবে এবং স্বাদও হবে আরও সমৃদ্ধ।

সঠিক উপায়ে শুরু করুন

প্রথমে একটি সসপ্যানে ১/৪ কাপ পানি নিন। এতে ১টি হালকা থেঁতো করা এলাচ দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। এতে এলাচের সুবাস পানির সঙ্গে মিশে যাবে, যা চায়ের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেবে।

এরপর পানি ফুটতে শুরু করলে নির্ধারিত পরিমাণ চা-পাতা দিয়ে দিন। মাঝারি আঁচে অন্তত ২ মিনিট চা-পাতা ফুটতে দিন। এই সময়েই চা-পাতা থেকে রং ও ফ্লেভার ভালোভাবে বেরিয়ে আসে। চা-পাতা ফুটে গেলে তাতে ৩/৪ কাপ ফুল-ক্রিম দুধ এবং স্বাদমতো চিনি মিশিয়ে দিন। ফুল-ক্রিম দুধ ব্যবহার করলে চায়ের টেক্সচার আরও ঘন ও ক্রিমি হয়, যা রেস্টুরেন্টের চায়ের অন্যতম বৈশিষ্ট্য। এবার আঁচ মাঝারি থেকে একটু উঁচুতে রেখে চা ফুটতে দিন।

রেস্টুরেন্টের গোপন কৌশল

চা যখন ফেনা তুলে ওপরে উঠতে শুরু করবে, তখন একটি হাতা বা বড় চামচ দিয়ে চা তুলে আবার ওপর থেকে সসপ্যানে ঢেলে দিন। এই পদ্ধতিকে অনেকেই 'চা টস' বলে থাকেন।

রেস্টুরেন্ট ওচাযের দোকানে এই কাজটি কয়েকবার করা হয়। এতে চায়ের মধ্যে বাতাস প্রবেশ করে, ফলে চা আরও ঘন, মসৃণ এবং স্বাদে গভীর হয়ে ওঠে। একই সঙ্গে চায়ের রংও আরও আকর্ষণীয় হয়।

পারফেক্ট চা বানাতে তাড়াহুড়া না করা

চা বানানোর সময় তাড়াহুড়া করা যাবে না। সব উপকরণ মেশানোর পর কম আঁচে ৩ থেকে ৪ মিনিট ধীরে ধীরে ফুটিয়ে নিন। যতক্ষণ না চায়ের রং গাঢ় বাদামি বা সোনালি আভা ধারণ করছে, ততক্ষণ অপেক্ষা করুন। এরপর ছাঁকনির সাহায্যে কাপে ঢেলে গরম গরম পরিবেশন করুন।

সঠিক পরিমাণ চা-পাতা, ফুল-ক্রিম দুধ, এলাচের হালকা সুবাস এবং 'চা টস'-এর সহজ কৌশলগুলোই কয়েকটি নিয়ম মেনে চললেই ঘরেই তৈরি হবে রেস্টুরেন্টের মতো ঘন, কড়া ও সুগন্ধি দুধ চা।