০৩ আগস্ট, ২০২৬
কুষ্টিয়ার কুমারখালীতে অন্যের জমিতে ধানের চারা রোপন করার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার (৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের দক্ষিণ যদুবয়রা গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মামুনুর রশিদ মিলন (৫৫)। তিনি ওই গ্রামের মৃত পরশউল্লাহ'র ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মাঠে অন্যের জমিতে ধানের চারা রোপন করছিলেন কৃষক মিলন। দুপুরে মাঝারি আকারের বৃষ্টি শুরু হয়। আড়াইটার দিকে আকস্মিক বজ্রপাতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্বজন ও স্থানীয়রা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ তথ্য নিশ্চিত করে যদুবয়রা পুলিশ ক্যাম্পের ইনচার্জ প্রকাশ চন্দ্র বিশ্বাস জানান, মাঠে কাজ করার সময় দুপুর আড়াইটার দিকে বজ্রপাতে মিলন নামের এক কৃষক নিহত হয়েছেন।