০৪ আগস্ট, ২০২৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা নিয়ে রাজধানীর ১৫ নম্বর ওয়ার্ডের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন।
তিনি বলেন, রাজনৈতিক পরিচয় নয়, নাগরিক স্বার্থই হবে উন্নয়নের প্রধান বিবেচ্য বিষয়। একই সঙ্গে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ারও অঙ্গীকার করেন তিনি।
সোমবার ডিএনসিসির ১৫ নম্বর ওয়ার্ডের বারনটেক, নামাপাড়া, বাইগারটেক ও সিদ্দিক নগর এলাকায় তিনটি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক এসব কথা বলেন তিনি।
প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদার ও মানবিক নেতৃত্বের প্রতিফলন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার দায়িত্ব। তবে এই উদারতার সুযোগ নিয়ে কেউ অন্যায় করলে তা কোনোভাবেই সহ্য করা হবে না।
সম্প্রতি উত্তরখানে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘প্রশাসক হিসেবে ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব ছিল। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে এবং আইনি ব্যবস্থা নিয়েছে। ভবিষ্যতেও দল-মত নির্বিশেষে যে কোনো নাগরিকের ন্যায্য অধিকার ও নিরাপত্তার প্রশ্নে একইভাবে পাশে থাকবো।’
মো. শফিকুল ইসলাম খান বলেন, একার পক্ষে কোনো উন্নয়ন সম্ভব নয়। জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত উন্নয়ন ও মানবতার বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
কোরবানির ঈদে নগর পরিচ্ছন্নতা কার্যক্রমের সাফল্যের কথাও তুলে ধরেন প্রশাসক। তিনি বলেন, নগরবাসী নির্ধারিত স্থানে কোরবানির বর্জ্য ফেলেছেন এবং সিটি কর্পোরেশনের কর্মীরা দ্রুত তা অপসারণ করায় এবার নগরে দুর্গন্ধ সৃষ্টি হয়নি। এতে নগরবাসী স্বস্তিতে ঈদ উদযাপন করতে পেরেছেন।
প্রশাসক বলেন, ১৫ নম্বর ওয়ার্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের সংসদীয় এলাকা। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বসবাস করেন। তাই সবার অংশগ্রহণে একটি সমন্বিত ও উন্নত ওয়ার্ড গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানে তিনি ১৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জুলকারনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।