আজ বিনামূল্যে নীলাচলসহ কয়েকটি পর্যটনকেন্দ্র ঘুরতে পারবেন পর্যটকরা

০৫ আগস্ট, ২০২৬

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবানের বেশ কয়েকটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ দিচ্ছে জেলা প্রশাসন। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এই সুযোগ দেওয়া হয়েছে। আগামী ৫ আগস্ট দিনব্যাপী পর্যটকরা কোনো টিকিট ছাড়াই এসব কেন্দ্রে প্রবেশ করতে পারবেন।

জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক এবং চিম্বুক পর্যটনকেন্দ্রে একদিনের জন্য পর্যটকরা এই সুবিধা পাবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এসএম হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে সর্বসাধারণের জন্য ৫ আগস্ট মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক এবং চিম্বুক পর্যটনকেন্দ্রে একদিনের জন সবাই বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বান্দরবানের পর্যটনকেন্দ্রে ভ্রমণে বিনামূল্যে প্রবেশের সুযোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই ধরনের উদ্যোগ পর্যটনখাতকে আরও সমৃদ্ধ করবে বলে সব প্রত্যাশা।