০৫ আগস্ট, ২০২৬
জাপানের রাজধানী টোকিওর ‘তামা চিড়িয়াখানায়’ তীব্র গরম ও অতিরিক্ত আর্দ্রতার কারণে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩টি সিংহ মারা গেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের ধারণা, অতিরিক্ত তাপপ্রবাহ থেকে হওয়া পানিশূন্যতা এবং অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে সিংহগুলোর মৃত্যু হয়েছে।
চিড়িয়াখানা কর্তৃপক্ষের তথ্য মতে, গত ১৯ জুলাই ‘মুগি’ নামের তিন বছর বয়সী একটি সিংহীর খাওয়ার অরুচি দেখা দেয় এবং পরদিনই সে আর উঠে দাঁড়াতে পারছিল না। কর্মীরা সেটিকে ঠাণ্ডা রাখার জন্য ফ্যান ও পানির ব্যবস্থা করেন এবং স্যালাইন ও ভিটামিন দেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে ২৮ জুলাই মুগি মারা যায়। এর কয়েকদিন পর, ৩১ জুলাই ‘ইচিগো’ (১১) এবং পরবর্তী রবিবার ‘লুয়েনা’ (১৫) নামের আরো দুইটি সিংহী মারা যায়।
বর্তমানে দুইটি পুরুষ ও একটি স্ত্রী সিংহ অসুস্থ অবস্থায় রয়েছে এবং তারা উঠে দাঁড়াতে পারছে না। তবে স্যালাইন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ায় চারটির শরীরে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে এবং বাকি ছয়টি সিংহ সুস্থ রয়েছে।
টোকিও বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক হিদেয়াকি কারাকি জানান, মানুষ ঘামের মাধ্যমে শরীর ঠাণ্ডা করলেও সিংহেরা মুখ দিয়ে ঘন ঘন শ্বাস ছেড়ে শরীর থেকে আর্দ্রতা বের করে দেয়। বাতাস অতিরিক্ত আর্দ্র থাকায় সিংহগুলো শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে পারেনি।
এ ছাড়া জুলাইয়ের মাঝামাঝিতে হঠাৎ করে তাপমাত্রা খুব বেশি বেড়ে যাওয়ায় প্রাণীগুলো এই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পায়নি।
১৯৬৪ সাল থেকে এই চিড়িয়াখানায় সিংহ প্রজনন ও প্রদর্শন করা হচ্ছে। বিশেষ করে বাসে চড়ে সিংহ দেখার ‘লায়ন বাস পরিষেবা’ দর্শনার্থীদের কাছে খুবই জনপ্রিয়। তবে এই ঘটনার পর হঠাৎ তাপপ্রবাহের কথা বিবেচনা করে সিংহ প্রদর্শনী ও বাস সেবা আপাতত স্থগিত করা হয়েছে। অবশিষ্ট প্রাণীগুলোকে ঠাণ্ডা রাখতে বর্তমানে পোর্টেবল এসি ও ইন্ডাস্ট্রিয়াল ফ্যান সমৃদ্ধ বিশেষ জায়গায় রাখা হচ্ছে।
জাপানে গ্রীষ্মকাল দিন দিন আরো ভয়াবহ হয়ে উঠছে। বহু শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় সেগুলোকে ‘ভয়াবহ গরম দিন’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। চলমান এই তাপপ্রবাহে অসুস্থ হয়ে এ পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সাবধান থাকার পরামর্শ দিয়েছে জাপান সরকার।