০৫ আগস্ট, ২০২৬
অতীতে একজন বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন এক কান দিয়ে ঢুকিয়ে আরেক কান দিয়ে বের করে দিয়েছিলেন ব্রেট লি। ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটারের সঙ্গে প্রীতি জিনতার প্রেমের খবর চাউর হয়েছিল প্রায় দেড় দশক আগে। দীর্ঘদিন পর সেই বিষয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার।
২০০৮ সালে কিংস ইলেভেন পাঞ্জাব (বর্তমানে পাঞ্জাব কিংস) ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিয়েছিলেন ব্রেট লি। ওই সময় ফ্র্যাঞ্চাইজিটির সহমালিক ছিলেন জিনতা। ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে বিক্রি হওয়ার আগে দলটিতে দুই বছর ছিলেন ব্রেট লি। এই অল্প সময়েই দুজনের মধ্যে ‘ইটিশ পিটিশ’ চলার খবর ছড়াতে থাকে। অস্ট্রেলিয়ান পেস বোলিং লিজেন্ড কখনো এনিয়ে মাথা ঘামাননি।
তবে এক সাক্ষাৎকারে অবশেষে এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন লি। বললেন, তিনি ও জিনতা কেবল বন্ধু ছিলেন এবং এখনও আছেন। বোম্বাই টাইমস-কে তিনি বলেছেন, ‘আপনাদের জন্য স্কুপ (বিশেষ খবর): আমি কখনো কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা ও আমি দারুণ বন্ধু ছিলাম এবং এখনও আছি। সে তখন পাঞ্জাব দলের বস ছিল। আর তিনি একজন অসাধারণ বুদ্ধিমতী মহিলা এবং তার জন্য আমার অনেক শ্রদ্ধা।’
তিনিত আরও বললেন, ‘এই ধরনের গালগল্প আমাকে কখনো বিচলিত করেনি। কারণ আমি সবসময় সত্যিটা জানতাম। লোকেরা যা জল্পনা করার করুক, কিন্তু আমি কখনো তার প্রভাব আমার ওপর পড়তে দেইনি।’
প্রায় দুই দশক ধরে লি নীরব থাকলেও ২০১০ সালেই মুখ খুলেছিলেন জিনতা, ‘প্রতি বছর ব্রেটের সঙ্গে আমার প্রেমের সম্পর্কের গুঞ্জন ছড়ায়, এসব এখন সেকেলে ও বাসি খবর। সুতরাং দুঃখিত যে নতুন কোনো খবর নেই। বন্ধু, হ্যাঁ।’
লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেছিলেন। দুই বছর পর তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। ২০০৯ সালে চূড়ান্তভাবে ছাড়াছাড়ি হওয়ার পর ২০১৪ সালে লি গাঁটছড়া বাঁধেন লানা অ্যান্ডারসনের সঙ্গে।