০৭ আগস্ট, ২০২৬
দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়ের বিরুদ্ধে করা বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার করেছেন তার স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে অংশ নিয়ে সঙ্গীতা আনুষ্ঠানিকভাবে আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।
পরে আদালত আবেদনটি গ্রহণ করে মামলার কার্যক্রম বন্ধের প্রক্রিয়া শুরু করে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর চেঙ্গালপট্টুর পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে দাম্পত্য মতপার্থক্যের কথা উল্লেখ করার পাশাপাশি স্থায়ী ভরণপোষণ এবং চেন্নাইয়ের নীলাঙ্কারাইয়ে অবস্থিত বাড়িতে বসবাসের অনুমতি চেয়েছিলেন তিনি।
মামলাটির শুনানি চলতি বছরে একাধিকবার পিছিয়ে যায়।
গত ১৫ জুন সঙ্গীতা আদালতকে মামলা প্রত্যাহারের ইচ্ছার কথা জানালে পরবর্তী শুনানির জন্য ৭ আগস্ট দিন নির্ধারণ করা হয়। এর আগে গত মাসে বিজয় ও সঙ্গীতা—দুজনই আদালতে উপস্থিত হতে পারেননি। তাদের আইনজীবীরা আদালতকে জানান, ব্যক্তিগতভাবে শুনানিতে অংশ নেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ছে।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলার তথ্য অনুযায়ী, সঙ্গীতা আনুষ্ঠানিকভাবে আবেদন প্রত্যাহার করায় আদালত শুক্রবার তা বাতিল ঘোষণা করেন।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ২৫ আগস্ট চেন্নাইয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন থালাপতি বিজয় ও সঙ্গীতা সোর্নালিঙ্গম। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
২০২৩ সালে বিজয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনসভায় সঙ্গীতার অনুপস্থিতির পর থেকেই তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। যদিও সে সময় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি। পরে ২০২৫ সালে টিভিকের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতেও সঙ্গীতার অনুপস্থিতি সেই জল্পনাকে আরো উসকে দেয়।
তবে বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহারের সিদ্ধান্তের পর দাম্পত্য সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের সেই গুঞ্জনের অবসান ঘটেছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।