মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১০ আগস্ট, ২০২৬

কুমিল্লার মুরাদনগরে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর উত্তরপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়া এলাকার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)।

সোমবার (১০ আগস্ট) সকালে মুরাদনগর থানার ওসি মো. আনোয়ার হোসেন চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল্লাহ আল মাসুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে তারু মিয়া ও তার ছেলে শুক্কুর আলীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

মুরাদনগর থানার ওসি মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলেকে ঘিরে এলাকায় একটি মাদকচক্র সক্রিয় ছিল। তাদের কর্মকাণ্ডে এলাকার যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ছিল। বাবা-ছেলের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।