জেনে নিন রেস্তোরাঁর মতো স্বাদ পেতে পাস্তা রান্নার রেসিপি

১০ আগস্ট, ২০২৬

বাড়িতে পাস্তা রান্না করা খুব সহজ মনে হলেও অনেক সময় রেস্টুরেন্ট বা রেস্তোরাঁর মতো স্বাদ পাওয়া যায় না।সস, সবজি, মসলা-সবকিছু ঠিকঠাক দেওয়ার পরও পাস্তা কখনো বেশি নরম, কখনো আবার স্বাদহীন হয়ে যায়। এর অন্যতম কারণ হতে পারে পাস্তা সিদ্ধ করার পদ্ধতিতে ছোটখাটো ভুল। সঠিক পরিমাণ পানি, লবণ এবং সিদ্ধ করার সময়ের দিকে নজর রাখলেই পাস্তার স্বাদ ও টেক্সচার অনেকটাই ভালো করা সম্ভব।

সিদ্ধের পানিতে লবণ দিতে ভুলবেন না

পাস্তা সিদ্ধ করার সময় পানিতে লবণ দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কারণ পাস্তা রান্নার সময় পানি শোষণ করে। তাই শুধু পরে সস বা গ্রেভিতে লবণ দিলেই পাস্তার ভেতরে যথেষ্ট স্বাদ পৌঁছাবে না। ফুটন্ত পানিতে লবণ দিলে পাস্তাতেই হালকা স্বাদ চলে আসে, ফলে সসের সঙ্গে মেশানোর পর পুরো পদটি আরও সুস্বাদু লাগে।

পানির পরিমাণ অনুযায়ী লবণ দিন

লবণের পরিমাণ নির্ধারণের সময় শুধু পাস্তার পরিমাণ দেখলেই হবে না, কতটা পানি ব্যবহার করছেন সেটিও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে প্রতি এক লিটার পানিতে প্রায় ১০ গ্রাম লবণ ব্যবহার করা যায়। তবে সস বা অন্যান্য উপকরণেও যদি বেশি লবণ থাকে, তাহলে নিজের রেসিপি অনুযায়ী পরিমাণ কিছুটা সামঞ্জস্য করুন।

পানি ভালোভাবে ফুটিয়ে তারপর পাস্তা দিন

পানি ঠান্ডা থাকা অবস্থায় পাস্তা দিয়ে রান্না শুরু করা ঠিক নয়। প্রথমে পর্যাপ্ত পানি নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন। পানি টগবগ করে ফুটতে শুরু করলে তবেই পাস্তা দিন। এতে পাস্তা তুলনামূলকভাবে সমানভাবে সিদ্ধ হয় এবং অতিরিক্ত চিটচিটে হওয়ার আশঙ্কাও কমে।

নরম করে ফেলবেন না

পাস্তা পুরোপুরি নরম করে সিদ্ধ করার প্রয়োজন নেই। বরং প্যাকেটের নির্দেশিত সময়ের দিকে খেয়াল রেখে এমনভাবে সিদ্ধ করুন, যাতে ভেতরে সামান্য দৃঢ়তা থাকে। ইতালিয়ান রান্নায় এই ধরনের টেক্সচারকে ‘আল দান্তে’ বলা হয়। পরে সসের সঙ্গে রান্না করার সময় পাস্তা আরও কিছুটা নরম হবে। তাই অতিরিক্ত সিদ্ধ করলে শেষ পর্যন্ত পাস্তা ভেঙে যেতে বা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে।

সিদ্ধ করার সময় তেল দেওয়া

অনেকে পাস্তা যাতে একে অপরের সঙ্গে লেগে না যায়, সেজন্য ফুটন্ত পানিতে তেল দিয়ে দেন। আসলে এটি প্রয়োজনীয় নয়। পাস্তা পানিতে দেওয়ার পর প্রথম এক-দুই মিনিট কয়েকবার নেড়ে দিলেই সাধারণত পাস্তাগুলো আলাদা থাকে। পর্যাপ্ত পানি ব্যবহার করাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

সিদ্ধ পাস্তা ঠান্ডা পানিতে ধুবেন না

সিদ্ধ হয়ে যাওয়ার পর পাস্তা ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়া আরেকটি সাধারণ ভুল। এতে পাস্তার গায়ে থাকা স্টার্চের একটি অংশ ধুয়ে যায়। ফলে সস পাস্তার সঙ্গে ভালোভাবে মিশতে চায় না। বিশেষ করে গরম সসের সঙ্গে পরিবেশন করার ক্ষেত্রে সাধারণত ধোয়ার প্রয়োজন নেই।

পাস্তার পানি ফেলে দেবেন না

পাস্তা ছেঁকে নেওয়ার আগে অন্তত এক-দুই কাপ সিদ্ধ পানি আলাদা করে রেখে দিন। এই পানিতে থাকা স্টার্চ সসকে কিছুটা ঘন ও মসৃণ করতে সাহায্য করতে পারে। সস খুব ঘন হয়ে গেলে অল্প অল্প করে এই পানি মিশিয়ে পছন্দমতো ঘনত্ব আনা যায়।

রেস্টুরেন্টের মতো পাস্তা বানানোর ক্ষেত্রে শুধু সস বা উপকরণ নয়, পাস্তা সিদ্ধ করার পদ্ধতিও গুরুত্বপূর্ণ। সঠিক পরিমাণ পানি ও লবণ ব্যবহার, অতিরিক্ত সিদ্ধ না করা, সিদ্ধ পানি সংরক্ষণ এবং পাস্তা ঠান্ডা পানিতে না ধোয়ার মতো ছোট বিষয়গুলোই আপনার ঘরোয়া পাস্তাকে আরও সুস্বাদু করে তুলতে পারে।