ভাউচার ছাড়া সার বিক্রি, বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

১২ আগস্ট, ২০২৬

নেত্রকোনার কেন্দুয়ার সাহিতপুর বাজারে ভাউচার ছাড়া সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বিসিআইসি ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ সানজিদা চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযানের সময় উপজেলার সান্দিকোনা ইউনিয়নে সাহিতপুর বাজারে মেসার্স হাবিবুর রহমান নামের এক বিসিআইসি ডিলার ভাউচার ছাড়া সার বিক্রির অনিয়ম ধরা পড়ে।

বিক্রয় রেজিস্টার ও ভাউচার পর্যবেক্ষণে দেখা যায়, সার বিক্রি হলেও যথাযথভাবে ভাউচার দেওয়া হয়নি। পরবর্তীতে বিভিন্ন গ্রাহক ও খুচরা ব্যবসায়ীর নামে ভুয়া ভাউচার তৈরি করা হয়েছে।

ভাউচার ছাড়া সার বিক্রির একাধিক প্রমাণ পাওয়া গেছে। এসব অপরাধে প্রতিষ্ঠানটির মালিক হাবিবুর রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে আইন না মানলে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দেওয়া হয়।

এ ব্যাপারে ইউএনও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, উপজেলার সাহিতপুর বাজারে ভাউচার ছাড়া বিসিআইসি সার খোলা বাজারে বিক্রি করা হচ্ছে।

তখন বিকেলের দিকে সাহিতপুর বাজারে মেসার্স হাবিবুর রহমান নামের বিসিআইসি ডিলারের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভাউচার ছাড়া সার বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাৎক্ষণিক ভাউচার ছাড়া সার বিক্রি এবং সার বিতরণ ব্যবস্থাপনায় ত্রুটির অভিযোগে মেসার্স হাবিবুর রহমান নামের বিসিআইসির সার ডিলারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।