চাঁদা না দেওয়ায় সিএনজিচালককে গুলি, টাকা-মোবাইল ছিনতাই

১৩ আগস্ট, ২০২৬

নোয়াখালীর বেগমগঞ্জে চাঁদা না দেওয়ায় এক সিএনজিচালিত অটোরিকশাচালককে গুলি করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

বুধবার (১২ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের উত্তর বর্দি গ্রামের চুল্লার বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সিএনজিচালিত অটোরিকশাচালকের নাম রাব্বি হোসেন রাকিব (২২)। তিনি একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট সোনাইমুড়ী গ্রামের কামাল হোসেনের ছেলে।

অভিযুক্তরা হলেন ওই ইউনিয়নের আলমগীর (৩০), রাজন (২৮), রিপন (২১) ও আলম (২৮)।

গুলিতে আহত রাকিব অভিযোগ করে জানায়, বুধবার রাতে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার থেকে বাজার করে স্থানীয় হায়দার বাড়ির দরজায় ভাড়া বাসায় যাওয়ার পথে একদল অস্ত্রধারী আলাইয়ারপুর ইউনিয়ন পরিষদসংলগ্ন এলাকায় তার অটোরিকশার গতিরোধ করে। পরে পিস্তল ঠেকিয়ে তাকে অটোরিকশা থেকে নামিয়ে আলাইয়াপুর ইউনিয়ন পরিষদের পাশে চুল্লার বাড়ির পেছনে নিয়ে যায়। সেখানে একই ইউনিয়নের আলমগীর, রাজন, রিপন ও আলম তার কাছে এক লাখ টাকা দাবি করে। তা দিতে অস্বীকৃতি জানালে তার কাছ থেকে নগদ দেড় হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ডান পায়ের হাঁটুর পাশে গুলি করে দেয়।

এক পর্যায়ে তিনি পাশের ডোবায় লাফ দিয়ে পালিয়ে যান।

জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, এক ব্যক্তির শরীরে একটি ২.২ বোরের ছোট গুলি লাগার খবর পেয়েছি। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওয়ানা দিয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।