রাশিয়ার হামলায় ইউক্রেনে যাত্রীবাহী ট্রেনে আগুন, নিহত ২

১৩ আগস্ট, ২০২৬

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ফের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে রাশিয়ার হামলায় ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওদেসা এলাকায় একটি যাত্রীবাহী ট্রেনে আঘাত হেনে আগুন ধরে যায়। এতে অন্তত দুজন নিহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার গভীরে একটি তেল শোধনাগারে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানায়, ওদেসা অঞ্চলের বেরেজিভকা জেলায় রুশ হামলায় একটি যাত্রীবাহী ট্রেন ক্ষতিগ্রস্ত হয়। এতে ট্রেনের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ট্রেনটিতে ওই সময় ৩৪০ জন যাত্রী ছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ট্রেনটিতে জেটচালিত একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। তার দাবি, হামলাকারীরা জানত যে এটি সম্পূর্ণ বেসামরিক একটি লক্ষ্য।

জেলেনস্কি বলেন, ইউরোপে যুদ্ধ বন্ধে বিশ্ব যদি সত্যিই আন্তরিক হয়, তাহলে ইউক্রেনের জন্য আরও বিমান প্রতিরক্ষা সহায়তা এবং রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োজন।

এদিকে ওদেসা অঞ্চলের ইজমাইল জেলার প্রশাসন জানিয়েছে, রাতভর রুশ হামলায় বন্দর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে আগুন ধরে যায়।

হামলায় ইজমাইল শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিদ্যুৎ সরবরাহও বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয় বিদ্যুৎ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারে কাজ করছে।

ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, রাতভর রাশিয়া ১৩৩টি ড্রোন নিক্ষেপ করে। এর মধ্যে ১১১টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইজমাইল বন্দরে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি অস্থায়ী অবস্থান এবং সামরিক সরঞ্জাম খালাস ও সংরক্ষণে ব্যবহৃত বন্দর অবকাঠামোতে হামলা চালিয়েছে। পাশাপাশি দানিয়ুব নদীর তীরে অবস্থিত রেনি বন্দরে ইউক্রেনীয় নৌবাহিনীর একটি কমান্ড পোস্টেও হামলার দাবি করেছে মস্কো।

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, রাতভর দেশটির ১৭টি অঞ্চলের পাশাপাশি কৃষ্ণসাগর, আজভ সাগর ও ক্রিমিয়ার আকাশে মোট ৩৬২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের প্রধান রাদিয় খাবিরভ জানিয়েছেন, চিশমিনস্কি জেলায় একটি লজিস্টিকস কেন্দ্রে ইউক্রেনীয় ড্রোন হামলায় দুজন আহত হয়েছেন। এর আগে তিনি জানিয়েছিলেন, ভূপাতিত একটি ড্রোনের ধ্বংসাবশেষ সালাভাত শহরের একটি শিল্প এলাকায় পড়ে আগুন ধরে যায়।

রাশিয়ার বৃহত্তম অনলাইন মার্কেটপ্লেস ওয়াইল্ডবেরিজও জানিয়েছে, তাদের একটি স্থাপনা থাকা শিল্প এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে সেখানে আগাম লোকজন সরিয়ে নেওয়া হয়। তবে ওই স্থাপনায় কোনো পণ্য সংরক্ষণ করা ছিল না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পরে ইউক্রেনের জেনারেল স্টাফ নিশ্চিত করে, তারা বাশকোর্তোস্তানের গাজপ্রম নেফতেখিম সালাভাত তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, হামলায় শোধনাগারটি ক্ষতিগ্রস্ত হয় এবং পরে সেখানে আগুন ধরে যায়।