১৩ আগস্ট, ২০২৬
বৃষ্টির শব্দ শুনলেই এক কাপ চা খেতে ইচ্ছে করে। জানালার পাশে বসে এক কাপ গরম চা আর সঙ্গে মুচমুচে পাকোড়া বাঙালির কাছে এর চেয়ে আরামদায়ক বিকেল আর কিছুতেই হতে পারে না।আলু, পেঁয়াজ কিংবা বেগুনের পাকোড়া তো অনেক খেয়েছেন, এবার তৈরি করতে পারেন শাকের পাকোড়া। পালং, লালশাক কিংবা পুঁইশাকসহ যে কোনো শাক দিয়েই সহজে বানানো যায় এই নাশতা।
উপকরণ
কুচি করে কাটা যে কোনো শাক ২ কাপ
বেসন ১ কাপ
পেঁয়াজ কুচি ১ আধা কাপ
কাঁচামরিচ কুচি ২-৩টি
ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
চালের গুঁড়া ২ টেবিল চামচ
হলুদ গুঁড়া আধা চা চামচ
মরিচ গুঁড়া আধা চা চামচ
জিরা গুঁড়া আধা চা চামচ
লবণ স্বাদমতো
পানি প্রয়োজনমতো
ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি
প্রথমে শাক ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর শাক কুচি করে একটি বড় বাটিতে রাখুন। এর সঙ্গে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও ধনেপাতা মিশিয়ে নিন। এবার বেসন, চালের গুঁড়া, হলুদ, মরিচ ও জিরা গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে সব উপকরণ ভালোভাবে মেখে নিন। শাক থেকে কিছুটা পানি বের হবে। প্রয়োজন হলে অল্প অল্প করে পানি দিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, মিশ্রণ যেন খুব পাতলা না হয়। ঘন থাকলে পাকোড়া সহজে আকার ধরে এবং বেশি মুচমুচে হয়।
কড়াইয়ে তেল গরম করে মাঝারি আঁচে রাখুন। এবার হাত দিয়ে অল্প অল্প করে শাকের মিশ্রণ নিয়ে তেলে ছাড়ুন। একসঙ্গে বেশি পাকোড়া দেবেন না। এতে তেলের তাপমাত্রা কমে গিয়ে পাকোড়া মুচমুচে হওয়ার বদলে তেলতেলে হয়ে যেতে পারে।
পাকোড়াগুলো দুই পাশ থেকে বাদামি ও মুচমুচে হওয়া পর্যন্ত ভাজুন। এরপর তেল ঝরিয়ে টিস্যু পেপারের ওপর তুলে রাখুন। টমেটো সস, বা ধনেপাতার চাটনির সঙ্গে পাকোড়া পরিবেশন করুন।