ভোলায় আলোচিত স্বপন বাহিনীর দুই সহযোগী আটক

১৩ আগস্ট, ২০২৬

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি স্বপন বাহিনীর প্রধান স্বপন ডাকাতের দুইজন সহযোগীকে ডাকাতির প্রস্তুতিকালে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো.সালমান বিন শওকত।

আটকরা হলেন, মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাজিরচর গ্রামের নুর উদ্দিন রুবেল (৩৫) ও  মো. বাচ্চু মিয়া (২৫)।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন এলাকায় কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’র সহযোগীরা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাত ১টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস ভোলা ও মনপুরা আউটপোস্ট মনপুরা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত স্বপন বাহিনীর দুইজন সহযোগীকে আটক করা হয়।

লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত আরও বলেন, আটক ডাকাত নূর উদ্দিন রুবেল এবং বাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনী’-এর সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

প্রসঙ্গত, এর আগে গত ২১ জুলাই (মঙ্গলবার) দিনগত রাত ১১টা থেকে টানা ১৬ ঘণ্টার অভিযানে মনপুরার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকা থেকে ‘স্বপন বাহিনীর প্রধান’ স্বপন ডাকাতকে আটক করে কোস্টগার্ড। এসময় উদ্ধার করা হয় ১টি দেশীয় একনলা বন্দুক ও ৮টি দেশীয় ধারালো অস্ত্র।