ডেমরায় শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু

১৫ আগস্ট, ২০২৬

রাজধানীর ডেমরার সারুলিয়ায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মো. ফাহাদ হাওলাদার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ফাহাদ মাদারীপুরের কালকিনি থানার চটপটি বিক্রেতা মো. ফারুক হাওলাদারের ছেলে। পরিবারের সঙ্গে ডেমরার সারুলিয়ায় ভাড়া বাসায় থাকত সে। দুই ভাই ও এক বোনের মধ্যে ফাহাদ ছিল দ্বিতীয়। স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে।

শিশুটির নানা জাহাঙ্গীর হোসেন জানান, ফাহাদ খুব ভালো সাঁতার জানত না। শুক্রবার দুপুরে তার বৃদ্ধ দাদা আজগর আলীর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে পানির নিচে তলিয়ে যায় সে।

পরে স্থানীয়দের সহযোগিতায় খোঁজাখুঁজি করে ফাহাদকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বিকেল পৌনে ৪টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।