গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগ করায় বাবাকে কুপিয়ে হত্যা

১৬ আগস্ট, ২০২৬

সিলেটের গোয়াইনঘাটে মেয়েকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করতে যাওয়ায় কলিম উল্লাহ (৫৩) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাই ছয়ফুল্লাহর বিরুদ্ধে। 

শনিবার দুপুরে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের লাফনাউট দিঘিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কলিম উল্লাহ (৫৩) ওই গ্রামের মৃত তুতি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ধর্ষণের অভিযোগ নিয়ে থানায় যান ভুক্তভোগী ও তার মা। ভুক্তভোগীর অভিযোগ তার চাচাতো ভাই জুবেল আহমদ (২১) তাকে ধর্ষণ করেছে। মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ জুবেলকে আটক করতে দিঘিরপাড় গ্রামে যায়। এ সময় পুলিশ জানতে পারে জুবেল গ্রামের পাশের হাওরে রয়েছে। পুলিশ তাকে ধরতে হাওরের উদ্দেশ্যে রওয়ানা হয়। 

এদিকে থানায় অভিযোগ করার খবর পেয়ে জুবেলের বাবা ছয়ফুল্লাহ ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীর বাবা কলিমউল্লাহর গলায় দা দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক জানান, হামলাকারী ছয়ফুল্লাহ ও নিহত কলিম উল্লাহ আপন দুইভাই। ছয়ফুল্লাহকে গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।