১৬ আগস্ট, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সন্ত্রাস ও মাদকবিরোধী উঠান বৈঠকে ওসির পাশে যুবলীগ নেতাকে বসতে দেয়ার ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ দেখা দিয়েছে। এ ঘটনায় ওসির অপসারণ চেয়েছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
এ নিয়ে আজ রবিবার বেলা সাড়ে ১১টায় গোমস্তাপুর বাজারে সদর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ইউনিয়ন বিএনপি।
এতে অভিযোগ করা হয়, সম্প্রতি গোমস্তাপুর উপজেলা নুহু স্ট্যান্ডে একটি মাদকবিরোধী উঠান বৈঠকে ওসি নূরে আলমের পাশে বসে থাকতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমায়ন রেজা ও উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন চেয়ারম্যানের ভাতিজা উপজেলা যুবলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মধুকে। যা অত্যন্ত দুঃখজনক। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি ওসিকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মার্জুক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বশির, চৌডালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোন্তাজ আলী, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রানা, রাধানগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল রশিদ প্রমুখ।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ওসি নূরে আলম অভিযোগ অস্বীকার করে বলেন, মাদক ও সন্ত্রাসবিরোধী উঠান বৈঠকে চেয়ার ফাঁকা থাকায় জান্নাতুল ফেরদৌস মধুকে সেখানে বসানো হয়েছিল। অন্যান্য দলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। তবে যুবলীগ নেতা মধুর পদ-পদবী আমার জানা ছিল না। লোকজন তাকে সেখানে বসিয়েছিল।