ব্রাহ্মণবাড়িয়ায় ময়লার স্তূপের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা

১৬ আগস্ট, ২০২৬

লোকালয়ে জমা ময়লার কারণে তীব্র দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকিতে ভুগছেন ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুরের বাসিন্দারা। এই সমস্যার স্থায়ী সমাধানে জেলা পরিষদ মিলনায়তনে এক জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১টায় কার্যকর সমাধানের লক্ষ্যে স্থানীয় বাসিন্দারা এ আয়োজন করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী। 

বক্তারা বলেন, আমিনপুরের দীর্ঘদিনের ময়লার স্তূপ স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। দুর্গন্ধ, মশা-মাছির উপদ্রব এবং পরিবেশ দূষণের পাশাপাশি শিশু, বয়স্ক ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি চলমান থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বক্তারা আরও বলেন, শুধু ময়লা অপসারণ করলেই সমস্যার সমাধান হবে না। বর্জ্য ব্যবস্থাপনা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ভবিষ্যতে যাতে একই স্থানে পুনরায় ময়লার স্তূপ তৈরি না হয়, সে বিষয়ে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সাধারণ সম্পাদক আলী আজম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তানিম শাহেদ রিপন, মডেল গার্লস স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, শাহিনুর রহমান, মাহফুজুর রহমান পুষ্প, মোহাম্মদ সাবের হোসাইন, তারিফ হাসান, সাঈদ আব্দুল্লাহ হিমু, আব্দুল্লাহ খান জুবায়েরসহ স্থানীয় ভুক্তভোগী পরিবারের সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।