১৭ আগস্ট, ২০২৬
দেবদূত পাড্ডিক্যালের শতক এবং রাহুল-জুরেলের ফিফটিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লঙ্কান বোলারদের সামনে দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছেন ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় দিন শেষে ৯ উইকেটে ৪৬০ রান করেছে শুভমান গিল বাহিনী।
ম্যাচের প্রথম দিনে ২ উইকেটে ২৮৮ রান করেছিল ভারত। এদিনই সেঞ্চুরি পূর্ণ করেছিলেন পাড্ডিক্যাল। দ্বিতীয় দিনের খেলায় ঋশভ পন্তকে সঙ্গে নিয়ে মাঠে নামেন তিনি।
ব্যাট হাতে বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি পন্ত। নুয়ান্থার করা বলে আউট হওয়ার আগে করেন ৬২ বলে ৩৯ রান। দ্বিতীয় দিনে তিনি ব্যক্তিগত স্কোরে যোগ করতে পেরেছিলেন মাত্র ১২ রান। এরপর ব্যাট করতে নেমেছিলেন রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া লোকেশ রাহুল। তিনি আউট হন ৮২ রানে।
এদিকে ১৩১ রানে দ্বিতীয় দিন শুরু করা পাড্ডক্যাল দেড় শতক পেরিয়ে আউট হন ১৬৭ রানে। ২৩০ বলে খেলা তার এই ইনিংসটি ১৫টি চার ও একটি ছয়ে সাজানো।
এদিকে ফিফটির দেখা পেয়েছেন ধ্রুব জুরেল। ৬৮ বলে চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৫১ রান করেন তিনি। এদিকে রবীন্দ্রো জাদেজা ১৩, মানব সুথার ২৪ এবং মোহাম্মদ সিরাজ ১১ রান করেন। এদিকে কুলদীপ যাদব এবং প্রসিদ্ধ কৃষ্ণা মিলে দিন শেষ করেন। ১২ রানে কুলদীপ ও ১ রানে কৃষ্ণা অপরাজিত থাকেন।
দ্বিতীয় দিন পর্যন্ত লঙ্কানদের হয়ে সর্বোচ্চ চারটি উইকটে নেন প্রবাথ জয়াসুরিয়া। কেশারা নুয়ান্থা তিনটি ও আসিথা ফার্নান্দো একটি করে উইকেট নেন।